আজ থেকে মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার ঘোষণা বিটিএ’র

৩৫

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আজ ১৬ জুলাই রবিবার থেকে সারাদেশে সব এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। তবে বিটিএর সাথে যেসব প্রতিষ্ঠান যুক্ত নয়, অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে সেগুলো বন্ধ রাখা হচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠান তালাবদ্ধ রাখার ঘোষণা দেন বিটিএর সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।

জানা গেছে, গত ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। আজ চতুর্থ দিন শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে গতকাল বিকাল ৫টার মধ্যে দাবি আদায় না হলে আজ সকাল থেকে সারাদেশের সব শিক্ষক-কর্মচারী ঢাকায় আসবেন বলে পূর্বে ঘোষণা করা হয়।

শিক্ষকদের দাবি, এমপিওভুক্ত শিক্ষকরা ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা, ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে ‘পাহাড়সম বৈষম্য’ রয়েছে।

এছাড়াও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের এক ধাপ নিচে দেওয়া হয়। তাছাড়া সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল না দেওয়ার ফলে উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের আগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।