বাণিজ্য সম্মেলন আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী

৩৮

“স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণ বিষয়ক বাণিজ্য সম্মেলন আজ। শনিবার (১৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বিজনেস কনফারেন্স অন বিল্ডিং স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এই সম্মেলনের আয়োজন করছে দেশের বাণিজ্য সংক্রান্ত সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এতে “স্মার্ট বাংলাদেশ” প্রতিষ্ঠায় বেসরকারি সেক্টরের অবদানের পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট ও করণীয় বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন চেম্বার, অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।