সব মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার ঘোষণা বিটিএ’র

১১০

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামী রবিবার থেকে সারা দেশে সব মাধ্যমিক বিদ্যালয় তালাবদ্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিটিএ‘র সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।

মো. বজলুর রহমান বলেন, “আমরা শিক্ষক নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছি, ১৫ জুলাই থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সকল শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ অব্যাহত রাখবেন।”

সংবাদ সম্মেলনে বলা হয়, “এমপিওভুক্ত শিক্ষকরা ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা, ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে ‘পাহাড়সম বৈষম্য’ রয়েছে।”

“বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেল এক ধাপ নিচে এবং সহকারী প্রধান শিক্ষকদের উচ্চ স্কেল প্রদান না করায় উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হয়ে আছে। এর ফলে সৃষ্টি হয়েছে শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসেন্তাষ ও হতাশা।”

উল্লেখ্য, গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের আগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।