শ্রমিক নেতা শহিদুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

২৩

গাজীপুরের টঙ্গীতে শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যা মামলার দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৪ জুলাই) সকালে র‍্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন র‍্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

গ্রেপ্তারকৃত আকাশ আহমেদ বাবুল (৪৩) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বটটেকি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে মেজর সাদিকুল বলেন, বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত রাতে র‍্যাব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে কক্সবাজার হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে শ্রমিক নেতা শহিদুল হত্যাকাণ্ডের মামলার আসামি আকাশ আহমেদ বাবুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

প্রসঙ্গত, গত ২৫ জুন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম বকেয়া বেতন আদায়ের জন্য আন্দোলনরত শ্রমিকদের পাশে থেকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশে প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানায় যান। কারখানা থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর তার ওপর হামলা হয়। ওই হামলায় তিনি নিহত হন।