বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব কমেছে : সালমান এফ রহমান

৩৫

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমেছে। কূটনীতিকদের এত আসা যাওয়া এটাই প্রমাণ করে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ঢাকা ছাড়ার আগে সালমান এফ রহমান তার বাসভবনে উজরা জেয়ার সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

এ সময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। নৈশভোজের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া র‌্যাবের প্রশংসা করেছেন। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার যেন আরও জোরালো হয় সেজন্য সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়নি। বিষয়টি উনারাও তোলেননি, আমরাও তুলিনি।

তিনি বলেন, দূরত্ব কমাতে দুই দেশের আসা-যাওয়া অব্যাহত থাকবে। তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এই প্রক্রিয়া চালু থাকবে।