দেশে যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার হয়: আইনমন্ত্রী

বাংলাদেশে আগের সংস্কৃতি নেই, এখন যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও সেই সাপেক্ষে সুষ্ঠু বিচার হয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, বৈঠকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে।

এ সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান মন্ত্রী।

এর আগে গত মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে ঢাকায় আসেন উজরা জেয়া। তার সঙ্গে এই সফরে আরও এসেছেন দেশটির দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, উজরা জেয়ার বাংলাদেশ সফরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আসবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সম্পর্কিত বিষয়, মানব পাচার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দিক। মত প্রকাশ ও সংগঠন গড়ার স্বাধীনতা, নারীর অধিকার, প্রান্তিক ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সম্পর্কেও মার্কিন প্রতিনিধিদলটি অংশীজনদের সঙ্গে কথা বলার কথা ছিল।