গ্যাটকো মামলায় খালেদা জিয়ার অভিযোগ গঠন ফের পেছাল

৪০

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩০ জুলাই নতুন দিন নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (১০ জুলাই) আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন। মামলাটির অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য দিনটি ধার্য ছিল।

এ মামলার আসামি এ কে এম মুসা কাজল ও ইহসান ইউসুফের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তার আইনজীবী তাজুল ইসলাম। এ ছাড়া অন্য আসামিদের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছাতে সময় আবেদন করেন। এসময় আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া আদালতে হাজিরা দেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।