এডিসের লার্ভা: পেট্রোবাংলা ও টিসিবিকে ১০ লাখ টাকা জরিমানা

৩৪

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের ভূগর্ভস্থ পার্কিংয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় সংস্থা দুটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরের দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে অভিযান চালানো হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোতাকাব্বীর আহমেদ এই জরিমানা করেন।

প্রথমেই ডিএনসিসি মেয়র সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পেট্রোবাংলার বেজমেন্টে প্রবেশ করেন। সেখানে তিনি প্রচুর পরিমাণে এডিসের লার্ভা দেখতে পান। পরে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে টিসিবির প্রধান কার্যালয়ের ভূগর্ভস্থ পার্কিংয়ে অভিযান চালানো হয়। সেখানেও এডিস মশার লার্ভা পাওয়ায় সংস্থাটিকেও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নিয়ে ডিএনসিসি মেয়র বলেন, মশক নিধন অভিযানে আমি কোথায় যাব, কাউকে কিছুই জানাব না। আগে থেকে জানিয়ে গেলে সেখানে সবকিছু পরিষ্কার করা থাকে। তাই প্রকৃত অবস্থা দেখতে কাউকে না জানিয়ে বিভিন্ন ওয়ার্ডে আকস্মিক পরিদর্শনে যাব। এক্ষেত্রে আমি কাউকে বিশ্বাস করি না। যেখানে ইচ্ছা সেখানে যাব এবং ব্যবস্থা নেব।