তামিমের অবসরের সিদ্ধান্তে যা বললেন সাকিব

১২৭

চলতি বছরের অক্টোবর-নভেম্বর ভারতের মাটিতে পর্দা উঠবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসর। কিন্তু বিশ্বকাপ শুরুর তিন মাস আগেই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নিজ শহর চট্টগ্রামে এক হোটেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসিক্ত হয়ে অবসরের ঘোষণা দেন তামিম।

তবে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সতীর্থরা স্মৃতিচারণ করে শুভ কামনা জানাচ্ছেন তামিমকে। ব্যতিক্রম নন তামিমের দীর্ঘদিনের সঙ্গী সাকিব আল হাসানও। তিনি একটু দেরিতে হলেও শুক্রবার দুপুরে তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নাতিদীর্ঘ একটি পোস্ট দেন। সেখানে তামিমকে নিয়ে তিনি গর্বিত বলে উল্লেখ করেন। পাশাপাশি তার অবসর সময়ের জন্য শুভ কামনা জানান।

ফেসবুকে সাকিব লিখেন, ‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসাথে প্রথম পথচলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।’

‘আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।’

230583_1

‘একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির উপর নির্ভর করেছিলাম- আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য।’

‘তোমার রান এবং রেকর্ডগুলি নিজের পক্ষে কথা বলে এবং আমরা, সতীর্থ হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য অত্যন্ত গর্বিত।’

‘তোমার সাথে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে…কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে।’

‘তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সাথে নতুন মুহূর্তগুলি উপভোগ কর।’