শেখ হাসিনাকে কুয়েতের প্রধানমন্ত্রীর ফোন

২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওবাব আল আহমদ। কথোপকথনের শুরুতে তিনি বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, নেতৃদ্বয় তা‌দের কথোপকথনে দুই দে‌শের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সম‌য়ের সঙ্গে তা গভীর ও নতুন উচ্চতায় নি‌য়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত ক‌রেন তারা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করার জন্য কুয়েতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ক‌রেন। একই সঙ্গে কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।

এছাড়াও দুই নেতা একে অপরকে নিজ নিজ দেশে সফরের জন্য আমন্ত্রণ জানান। সেই স‌ঙ্গে তারা দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শ বা উচ্চ পর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তারা পারস্প‌রিক সুস্থ জীবন, দুই দেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে টেলিফোন কলের সমাপ্তি করেন।