আন্তর্জাতিক ক্রিকেটকে অশ্রুসিক্ত বিদায় তামিমের

১৮

গুঞ্জন সত্যি করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের এক হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দেশের ক্রিকেটের এই নক্ষত্র। এই সময় তামিমকে অনেক বেশি অশ্রুসিক্ত দেখাচ্ছিল।

অবসরের বিষয়ে তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তামিম বলেন, আমি গত কিছুদিন ধরেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছি। এমন না যে সিদ্ধান্তটা হুট করে নেওয়া। পরিবার, বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। সবকিছু মিলিয়েই আমার এই সিদ্ধান্ত।

এ সময় সব ধরনের ক্রিকেটকে বিদায় বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

এর আগে, বুধবার হঠাৎ করেই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন চট্টগ্রামের এই ক্রিকেটার।

এর আগে, ২০২২ সালের ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এরপর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই বাঁহাতি এই ওপেনারকে ২২ গজে দেখা গেছে।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওডিআই ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। ২০২০ সালে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে এখন পর্যন্ত ৭০ টেস্টে ৫ হাজার ১৩৪ এবং ২৪১ ওয়ানডেতে ৮ হাজার ৩১৩ রান করেছেন ক্রিকেটার তামিম। ৭৮ টি-টোয়েন্টিতে তিনি এক হাজার ৭৫৮ রান রয়েছে তার।