গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১৬

গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তথা গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই। সবকিছুই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। বিএনপির সঙ্গে যেকোনো আলোচনা হতে পারে। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির মধ্যস্ততায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে।

এর আগে, মঙ্গলবার (৬ জুন) রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, দেশে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী সমস্যা সমাধানে বিএনপির সঙ্গে সরকার আলোচনা করতে রাজি।

অন্যদিকে, বুধবার (৭ জুন) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে সংলাপ বা আলোচনার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে, বিদেশিদের মধ্যস্থতা করতে হবে। বিদেশিরা নয়, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করব।