সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

৫৫

দেশের প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার গণভবন প্রাঙ্গণে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩’ ও ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩’ উদ্বোধন উপলক্ষে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশবাসীকে গাছ লাগানোর এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, সবাই ব্যাপকভাবে গাছ লাগান। যে যেখানে পারেন, যেভাবে পারেন অন্তত তিনটি করে গাছ লাগান। তাও যদি না পারেন অন্তত একটি গাছ লাগান।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের বলবো, প্রত্যেকে যার যার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গাছ লাগাতে পারো।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।