ইমামদের বয়ান ডেঙ্গু নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে: আতিক

৫৭

মসজিদ ও মাদ্রাসায় ইমামদের সচেতন বার্তা ও বয়ান ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

রবিবার রাতে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময় সভায় ডিএনসিসি এলাকার এক হাজার ইমাম ও খতিবরা অংশ নেন।

উপস্থিত ইমামদের উদ্দেশ্যে মেয়র বলেন, আমরা মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের সময়, জুমার নামাজের সময় মনোযোগ দিয়ে আপনাদের বয়ান শুনি। আপনারাই পারেন মানুষের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরি করতে।

এ সময় ডিএনসিসি মেয়র গাড়ির পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড এগুলো দেখিয়ে উপস্থিত ইমামদের সচেতন করেন।

করোনার মতো ডেঙ্গুর ক্ষেত্রেও ইমাম ও খতিবরা মানুষকে সচেতন করে এটি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে এ সময় আশা ব্যক্ত করেন তিনি।