গুজরাটকে হারিয়ে ৫ম শিরোপা ঘরে তুললো ধোনির চেন্নাই

১৮

চূড়ান্ত নাটকীয়তায় পূর্ণ এক ফাইনাল দেখলো ক্রিকেটভক্তরা। দারুণ এক প্রথম ইনিংসের শেষে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার আশঙ্কা থেকে শুরু করে ম্যাচের শেষ ওভার পর্যন্ত ছিল চরম উত্তেজনার ছটা।

যদিও বৃষ্টির পর ১৫ ওভারে ১৭১ রান তাড়া করতে নামা চেন্নাই সুপার কিংসই শেষ হাসি হেসেছে।

শ্বাসরুদ্ধকর এ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম আইপিএল শিরোপা ঘরে তুলেছে ধোনির দল।

সোমবার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে আইপিএলে ফাইনালের ইতিহাসে রেকর্ড ২১৪ রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স।

জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রান তাড়া শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাইকে শিরোপা জেতান অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।