বাংলাদেশি উদ্ধারকারী দলকে তুরস্ক সরকারের বিশেষ সম্মাননা

৫১

তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনাকারী বাংলাদেশ দলকে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ তুরস্ক সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বুধবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশেদ ইকবাল এবং উদ্ধারকারী দলের দলনেতা লে. কর্নেল মো. রুহুল আমিন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য তুরস্ক কর্তৃক বাংলাদেশ সরকারের নিকট অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং সেনাবাহিনী প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে ৬০ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করে।

আইকে