তুরস্ক-সিরিয়ায় ৩ কোটি ডলার দিলেন বেনামী পাকিস্তানি

২৯

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি মার্কিন ডলার দান করে আলোচনা ও প্রশংসা কুড়াচ্ছেন এক পাকিস্তানি। কিন্তু তিনি কে বা যুক্তরাষ্ট্রের কোথায় বসবাস করেন কেউ জানে না।

শনিবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাসে তার এ সহায়তার কথা নিজের টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিষয়টি নিশ্চিত করেন।

টুইট বার্তায় তিনি বলেন, এক বেনামী পাকিস্তানির মহানুভবতার কথা শুনে আমি অভিভূত। আমি গভীরভাবে অনুপ্রাণিত, কারণ তিনি যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাসে গিয়ে তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি মার্কিন ডলার দান করেছেন।

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও দেশ দুটিতে নিহত ২৯ হাজার ছাড়িয়েছে। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।

তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৬১৭ জনে। এদিকে সিরিয়ায় নিহত হয়েছে সাড়ে ৪ হাজারেরও বেশি।

সূত্র: জিও টিভি

আইকে