বিপিএলের মাঝপথে ওমরাহ করতে গেলেন সাকিব

১৭১

বিপিএলের মাঝপথে ওমরাহ করতে দেশ ছাড়লেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন সাকিব আল হাসান।

আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বরিশালের কোনো ম্যাচ না থাকায় ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেয়া ওয়াসিম খান সাকিবের সৌদি আরবে যাওয়ার খবর জানিয়েছেন।

ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানান, ওমরাহ পালন শেষে আগামী সোমবার ঢাকা ফিরে দলের সঙ্গে যোগ দেবেন দলের অধিনায়ক।

উল্লেখ্য, সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে সাকিবের বরিশাল। আগামী ৭ ফেব্রুয়ারি পরবর্তী ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল।

আইকে