রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার-সিইসি বৈঠক মঙ্গলবার

৩৪

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

আগামীকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা সংসদ সচিবালয়ের কাছে বৈঠকের সময় চেয়েছিলাম। মঙ্গলবার দুপুর ২টায় সময় নির্ধারিত হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, স্পিকারের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সবকিছু নির্ধারণ হবে। ১ ফেব্রুয়ারি ছয় আসনে উপ-নির্বাচনের পর ভোটার তালিকা করা হবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে মোতাবেক তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।

এদিকে, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে পদটি শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে।

সংবিধানের এসব বিধানের আলোকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। ভোট গ্রহণ করতে হবে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।

সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ২০১৩ সালের ১৪ মার্চ থেকে মো. আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ওই বছর ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে মো. আবদুল হামিদ সেদিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২২ এপ্রিল তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

এর পর মো. আবদুল হামিদ ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ওই বছর ২৪ এপ্রিল ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী, দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ায় তিনি আর এ পদে প্রার্থী হতে পারবেন না।

আইকে