নারীদের সঙ্গে নিয়েই উন্নত দেশের দিকে এগিয়ে যাব : প্রধানমন্ত্রী

৪৪

নারী সমাজকে সঙ্গে নিয়েই সরকার বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, নারী সমাজকে মূলধারায় সম্পৃক্ত করে উন্নত দেশ গড়ার কাজ করছে সরকার। আমরা নারীদের সম্পৃক্ত করে এগিয়ে যাব।

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের (এইউডব্লিউ) কাউন্সিল অব প্যাট্রনসের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর চেরি ব্লেয়ার।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে আফগানিস্তানের প্রসঙ্গ এলে তিনি বলেন, ইসলামের নামে নারীদের শিক্ষা বন্ধ করার কোনো সুযোগ নেই। ইসলাম সর্বদা নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলে। অথচ, বর্তমান আফগান সরকার জোর করে নারী শিক্ষা বন্ধ করে দিচ্ছে।

এ সময় সরকার রোহিঙ্গা শিশুদের তাদের নিজ ভাষায় শিক্ষার ব্যবস্থা করেছে বলেও জানান শেখ হাসিনা।

আইকে