বিএনপির নেতা কামালকে ছুরিকাঘাতে খুন

৩০

সিলেট নগরের আম্বরখানা বড় বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিএনপির এক নেতা নিহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) রাত ৯ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আ ফ ম কামাল সিলেট নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক।

পুলিশ জানায়, রোববার রাতে ওই এলাকায় কামাল নিজের প্রাইভেটকারে বসে ছিলেন। এসময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।