প্রয়োজনেই শক্তি প্রয়োগ করা হয়: র‌্যাব ডিজি

২১

প্রয়োজন হলেই শুধু শক্তি প্রয়োগ করা হয় বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

র‌্যাব ডিজি হিসেবে দীর্ঘ দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় করেন তিনি।

নিষেধাজ্ঞার কারণে র‌্যাবে ডিজি হিসেবে দায়িত্ব পালন করাটা কঠিন সময় ছিল কিনা এবং এ কারণে বন্দুকযুদ্ধ ও মৃত্যুর সংখ্যা কমেছে কিনা জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, আমরা তা মনে করি না। বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা এদেশের পুলিশ, এদেশেরই নাগরিক। আমাদের দেশের মানুষের বিরুদ্ধে কেন আমরা দাঁড়াবো? যখন আমরা আক্রান্ত হই, মাদক, অস্ত্র উদ্ধার, মানবপাচারকারী, যখন আমাদের ওপর আক্রমণ করে তখন আমরা প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি।

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘র‌্যাব দেশের মানুষের আস্থা ও নির্ভরশীলতার জায়গা করে নিয়েছে। এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কর্মকাণ্ডের ওপর কোনো প্রভাব ফেলেনি।’

র‌্যাব ডিজি বলেন, ‘আমার দুই বছর দায়িত্ব পালনের সময় মাদক চোরচালান বন্ধে অনেক উদ্যোগ নিয়েছি। এই সময়ে ৩৬ হাজার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ তা বৈশ্বিক যুদ্ধ। সারা বিশ্বই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছে। কারাগারে থাকা বন্দীদের মধ্যে অধিকাংশই মাদক মামলার আসামি।’

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সবাইকে দায়িত্বশীল হতে হবে। আমার সন্তানের বিষয়ে খোঁজখবর নেওয়া আমার দায়িত্ব, আমাদের শিক্ষকের দায়িত্ব রয়েছে, জনপ্রতিনিধিদের দায়িত্ব রয়েছে।’

‘মাদক অভিযানের সময়ে আমরা আইননুযায়ী দায়িত্ব পালন করি। আইনের বাইরে কোনো কিছু প্রয়োগ করি না। প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়,’ বলেন র‌্যাবের ডিজি।