আ.লীগ জনগণকে সঙ্গে নিয়েই রাজপথে নামবে: কাদের

১৮

আওয়ামী লীগ যখন রাজপথে নামবে জনগণকে সঙ্গে নিয়েই নামবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷

আজ রোববার(২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই।

সরকার কেন পদত্যাগ করবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে প্রশ্ন করে তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব কথায় কথায় সরকারের পদত্যাগ চান। সরকার কেন পদত্যাগ করবে? আর কার কাছে পদত্যাগ করবে? সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে, যাথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে ৷ নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই ৷ তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত ইস্যু, এ নিয়ে মাতামাতি করে কোনো লাভ নেই ।

তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে দেশের উন্নয়ন ও অর্জনের সঙ্গে এদেশের জনগন রয়েছে, কাজেই অগণতান্ত্রিক পথে বিএনপির ক্ষমতা দখলের খোয়াব অচিরেই ভেঙে যাবে।