বিবাহিত জীবনের ১১ বছর পূর্ণ করলেন অনন্ত-বর্ষা

৪২

ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এ তারকা দম্পতি। এর পর তাদের ঘর আলো করে ২০১৪ সালে আসে আরিজ ইবনে জলিল ও ২০১৭ সালে আবরার ইবনে জলিল।

দেখতে দেখতে ১১ বছর পার হয়ে গেল তাদের। আজ ২৩ সেপ্টেম্বর ১১তম বিবাহবার্ষিকী এ তারকা দম্পতির।

প্রতিবছর বিবাহবার্ষিকী উদযাপন উপলক্ষে এ দম্পতির থাকে আলাদা আয়োজন। সাধারণত এ সময়টিতে তারা বিদেশে থাকেন সপরিবারে। এবারও এই দম্পতি অবস্থান করছেন দুবাইয়ে। জানা গেছে, সেখানে নিজেদের মতো করে সময় কাটাবেন তারা, বিবাহবার্ষিকী পালন করবেন। সঙ্গে রয়েছে তাদের দুই সন্তান।

বিবাহবার্ষিকীর এ দিনটিতে দুবাই থেকে দোয়া চেয়েছেন অনন্ত জলিল ও বর্ষা। তারা বলেন, ‘আমাদের বিবাহিত জীবনের ১১ বছর পূর্ণ হয়ে গেল। সবার দোয়ায় আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ! আমাদের জন্য সবাই দোয়া করবেন। ’