এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার: জ্যোতি

১৭

বাছাইপর্বে দুর্দান্তভাবে খেলে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে দৃঢ় প্রত্যয়, তারা কতটা উন্নতি করেছে তা দেখিয়ে দিতে চান গোটা বিশ্বকে।

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ খেলা চূড়ান্ত হওয়ার পর শুক্রবার রাতে এমন কথাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক।
জ্যোতি বলেন, ‘আমরা এখানে এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি।’

আবুধাবির শেখ জায়দে স্টেডিয়ামে বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১২ রানে হারায় বাংলাদেশ। ব্যাট হাতে কম পুঁজি গড়লেও বল হাতে দারুণ বোলিংয়ে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। বিশ্বকাপ নিশ্চিতের পাশাপাশি বাছাইয়ের ফাইনালও খেলবে বাংলাদেশের মেয়েরা। সুযোগ আছে চ্যাম্পিয়ন হয়েই দক্ষিণ আফ্রিকা যাওয়ার।

তার আগে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। পুরো টুর্নামেন্ট জুড়েই নিজেদের সেরাটা ধরে রেখেছেন জ্যোতির দল।

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরটি। বাছাইপর্ব থেকে বাংলাদেশ-আয়ারল্যান্ডসহ মোট ১০ দল লড়বে ট্রফির লড়াইয়ে।