পাকিস্তানের বিশ্ব রেকর্ড

১৮

করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে বিশ্ব রেকর্ড করলো পাকিস্তান। এই জয়ে সাত ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়ে আনলো স্বাগতিকরা।

আগে ব্যাট করে পাকিস্তানকে ২০০ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। সেই রান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি তিন বল হাতে রেখেই তুলে ফেলে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে দুই ওপেনার মিলে ২০০ রান তাড়া করে জিততে পারেননি। বাবর আর রিজওয়ান সেই বিশ্বরেকর্ড গড়েছেন।

বৃহস্পতিবার রাতে করাচিতে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রান তুলেছিল ইংল্যান্ড। অধিনায়ক মঈন আলি অপরাজিত ৫৫ রান করেন।

জবাবে বাবর-রিজওয়ান জুটি তিন বল হাতে রেখেই সেই রান তুলে ফেলে। বাবর ১১০ রান ও রিজওয়ান  ৮৮ রানে অপরাজিত থাকেন।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫২ রান তাড়া করে দলকে ১০ ‍উইকেটে জিতিয়েছিলেন বাবর-রিজওয়ান জুটি।

উল্লেখ্য, ১০ উইকেটে এর আগে সবচেয়ে বড় জয়টি ছিল পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের। ২০১৬ সালে হ্যামিল্টনে পাকিস্তানের ১৬৯ তাড়া করে নিউজিল্যান্ডকে জিতিয়েছিল মার্টিন গাপটিল আর কেন উইলিয়ামসন।