বিএনপির ঐক্যের পরিণতি গতবারের মতো হবে: কাদের

১৯

বিএনপির ঐক্যের পরিণতি গতবারের মতো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, জগাখিচুড়ির ঐক্য করে কোনো লাভ নেই, গতবার বিএনপির ঐক্যের যে পরিণতি হয়েছে, এবারও সেই পরিণতি অপেক্ষা করছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিজ বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদর বলেন, যারা ইতিহাসের অবাঞ্ছিত সত্যের পুনরাবৃত্তি ঘটিয়েছে, তাদের স্বরুপ উন্মোচিত করতে হবে।

তিনি বলেন, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলেন, পাকিস্তান আমলে ভালো ছিলাম, তখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড ছিলেন সেটাও আজ তাহলে সত্য? আজ প্রমাণিত হয়েছে বিএনপির রাজনীতি পাকিস্তান ধারার রাজনীতি, বিএনপির রাজনীতি দ্বিজাতি তত্ত্বের রাজনীতি। বিএনপির রাজনীতি সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের রাজনীতি।

বিএনপি যদি কখনো ক্ষমতায় যেতে পারে তাহলে এদেশকে আবার পাকিস্তানি ধারায় নিয়ে যাবে দাবি করে ওবায়দুল কাদের বলেন, সেটাই এখন বিএনপির টার্গেট, সেজন্যই আজকে বিএনপি ঐক্যের নামে টালবাহানা করছে, সাম্প্রদায়িক শক্তির সাথে জোট করে। বাংলার মাটিতে, মুক্তিযুদ্ধের মাটিতে বাংলাদেশবিরোধী, স্বাধীনতাবিরোধী চেতনার শক্তির জগাখিচুড়ির ঐক্য দিয়ে নির্বাচন করে মুক্তিযদ্ধের দেশে জয়লাভ  করা যাবে না।

নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক , অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজীবুল্লাহ হিরু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।