মর্টার শেল ছোড়ার ঘটনায় মিয়ানমারকে সতর্ক করা হবে: পররাষ্ট্রসচিব

২৫

মিয়ানমার থেকে সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

রোববার ( ২৮ আগষ্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, ‘ঘটনাটি দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখনো প্রতিবাদ জানানো হয়েছিল।’

এর আগে, মিয়ানমার সেনাবাহিনী বিকেল সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজার এলাকায় দুটি মর্টার শেল নিক্ষেপ করে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

image-588805-1661690633

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, মর্টার শেল পড়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ পারে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। শূন্যরেখার দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

তবে স্থানীয় প্রশাসন ও ঘুমধুম এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহ দুয়েকের বেশি সময় ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলছে। আজ সকাল থেকে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। দুপুরে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়। এরপর বিকেলে বাংলাদেশের সীমান্তের মধ্যে মর্টার শেল পড়ার ঘটনা ঘটে।