রোহিত-কোহলিদের হারিয়ে চাপে ভারত

১৬

পাকিস্তানের দেওয়ার ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। দলীয় ৫০ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় ভারত। অষ্টম ওভারের শেষ বলে মোহাম্মদ নওয়াজকে তুলে মারতে গেলে ক্যাচ হন রোহিত শর্মা। ১৮ বলে একটি ছক্কায় ১২ রান করেন তিনি। লেগস্পিনার নওয়াজ নিজের পরের ওভারের প্রথম বলেই বিরাট কোহলিকে তুলে নেন। কোহলি ৩৪ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৫ রান করেন। এর আগে ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার লোকেশ রাহুলকে শূন্য রানে বোল্ড করেন নাসিম শাহ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬২ রান করেছে ভারত।

এর আগে প্রথমে ব্যাট করা পাকিস্তান ভারতের বোলিং তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। অবশেষে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় দলটি।

টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুদল। রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যালশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান।

ইনিংসের শুরুতে অধিনায়ক বাবর আজমকে হারায় পাকিস্তান। দলীয় তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের বাউন্সি বলে শট খেলতে গেলে আরশদীপ সিংয়ের কাছে ক্যাচ দেন। ৯ বলে ২টি চারে ১০ রান করেন বাবর। বাবর আজমের পর পাকিস্তান দ্রুত হারায় ফখর জামানকেও। ষষ্ঠ ওভারে আভেশ খানের বল তার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক দীনেশ কার্তিকের কাছে যায়। ১০ রান করেন এই ব্যাটার।

১৩তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে বিদায় নেন  ইফতিখার আহমেদ। ২২ বলে তিনি ২টি চার ও একটি ছক্কায় ২৮ রান করেন। তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৩৮ বলে ৪৫ রান তোলেন ইফতিখার।

প্রথম থেকেই ব্যাটে কষ্ট করতে থাকা মোহাম্মদ রিজওয়ান শেষ পর্যন্ত বাজে এক শটে বিদায় নেন। ১৫তম ওভারে হার্দিক পান্ডিয়ার দ্রুত গতির বলে ব্যাট লাগালে থার্ডম্যান অঞ্চলে আভেশ খান ক্যাচ নেন। ৪২ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৩ রান করেন রিজওয়ান। একই ওভারের তৃতীয় বলে খুশদিল শাহকেও ফেরান হার্দিক।

শেষ দিকে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে বাকি ব্যাটাররা। ৬ বলে ঝড়ো ১৬ রান করেন শাহনওয়াজ দাহানি। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন হারিস রউফ।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট পান ভুবনেশ্বর কুমার। তিন উইকেট পান হার্দিক পান্ডিয়া।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং।