নিকলী হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

১৮

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় হাওরের পানিতে তলিয়ে যান তুহিন (২৫) ও হাসিব (২৬) নামের আরো দুজন। তবে এলাকাবাসীর সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নিকলী হাওরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশের বাড়ি ঢাকায়। জীবিত উদ্ধার তুহিন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে ও হাসিবের বাড়ি পটুয়াখালী জেলায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবুজর গিফারী হাওরে ডুবে এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নিকলীর হাওরে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ হন। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী একজনকে মৃত ও দুজনকে জীবিত উদ্ধার করেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজিব ঘোষ জানান, আহতদের প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।