পশু বিক্রির টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন : আইজিপি

১৯

পশু বিক্রির টাকা পরিবহনে ব্যাপারীদের পুলিশের সহযোগিতা নিতে বলেছেন সংস্থাটির মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ শনিবার দুপুরে রাজধানীর কমলাপুর বালুর মাঠে পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন আইজিপি।

ড. বেনজীর বলেন, হাটে ব্যাপারীদের সঙ্গে কথা হয়েছে। যারা এখানে গরু কিনতে এসেছেন, তাদের সঙ্গেও কথা হয়েছে। হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ব্যাপারীদের গরু নিয়ে হাটে আসতে সমস্যা হচ্ছে কিনা বা ক্রেতাদের সমস্যা আছে কিনা, জানার চেষ্টা করেছি। হাসিল নিয়ে কারো অভিযোগ আছে কিনা তাও জানতে চেয়েছি।

হাটের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, করোনার হালকা ঊর্ধ্বমুখী প্রভাব রয়েছে। হাট কর্তৃপক্ষকে বলেছি, মাস্ক ছাড়া আসা মানুষের জন্য মাস্কের ব্যবস্থা করতে।

তিনি বলেন, বেপারীদের খাওয়া-দাওয়ার বিষয়ে খোঁজ নিয়েছি। গরু বিক্রির টাকা নিরাপদে নিয়ে যেতে আমাদের সহযোগিতা নিতে পরামর্শ দিয়েছি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।