আফ্রিকায় মাঙ্কিপক্সে ৬৬ জনের মৃত্যু

৩২

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে মাঙ্কিপক্সে মারা গেছেন ৬৬ জন। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৭ জন।

আফ্রিকা মহাদেশের শীর্ষ স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সেন্টারস ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (আফ্রিকা সিডিসি) ভারপ্রাপ্ত পরিচালক আহমেদ অগওয়েল ওউমা গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মাঙ্কিপক্সের বিস্তার রোধে আফ্রিকা থেকেই টিকাদান কার্যক্রম শুরু করা উচিত। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকা সিডিসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওউমা জানান, ২০২২ সালের শুরু থেকে আফ্রিকা মহাদেশের যেসব দেশে এই রোগে মৃত্যু ও আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, সেসব হলো— ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ডেমেক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, নাইজেরিয়া, মরক্কো, ঘানা, লাইবেরিয়া এবং সিয়েরা লিওন।

সংবাদ সম্মেলনে আফ্রিকা সিডিসির ভারপ্রাপ্ত পরিচালক বলেন, ‘আমাদের বক্তব্য হলো— মাঙ্কিপক্সের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ এবং যদি বিশ্বজুড়ে টিকাদান শুরু হয়, সেক্ষেত্রে আফ্রিকা থেকেই এই কর্মসূচি শুরু হওয়া উচিত।’