তথাকথিত হত্যার হুমকির বয়ান তৈরি করছে বিএনপি : সেতুমন্ত্রী

২১

পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথাকথিত হত্যার হুমকির বয়ান বিএনপি তৈরি করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে বিএনপি মহাসচিব ও তাদের নেতারা দুরভিসন্ধিমূলক ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমনকি বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথাকথিত হত্যার হুমকির বয়ান তৈরি করছে বিএনপি।

বিবৃতিতে ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন, বিরোধী পক্ষকে দমন ও পীড়নের রাজনীতি আওয়ামী লীগ করে না।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বেই ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বিএনপির হাত ধরেই হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধী রাজনৈতিক পক্ষকে নির্মূল করার অপরাজনীতি শুরু করা হয়।

এখনো এই চিহ্নিত মহল ক্রমাগতভাবে দেশের স্বার্থ ও জনকল্যাণ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে দেশবিরোধী এই গোষ্ঠীর মুখোশ উন্মোচন ও জনগণকে সতর্ক করতে চেয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা একজন স্বপ্নবান মানুষ, যিনি বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলার মানুষ শেখ হাসিনার মহিমান্বিত নেতৃত্বকে মূল্যায়ন করবে।

শেখ হাসিনার রাজনৈতিক সততা, সাহসিকতা, নিষ্ঠা এবং বলিষ্ঠ নেতৃত্ব আজ তাকে বিশ্বসভায় এক অনন্য সফল রাষ্ট্রনায়ক হিসেবে অভিষিক্ত করেছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো প্রকার ষড়যন্ত্র, অপপ্রচার অগ্রগতির এই গতিধারা থামাতে পারবে না।

তিনি বলেছেন, জনকল্যাণমুখী সৎ-সাহসী ও দেশপ্রেমিক নেতা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে কোনো ষড়যন্ত্রই একটি জাতিকে পিছিয়ে দিতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু তার জলন্ত দৃষ্টান্ত।