দোনেৎস্ক ও খারকিভে রুশ হামলায় ৮ বেসামরিক নাগরিক নিহত

২৪

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও খারকিভে গতকাল রোববার রুশ বাহিনীর হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকোর বরাতে বার্তা সংস্থা এএফপি আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, দোনেৎস্কের লাইমান শহরে রুশ বাহিনীর গোলাগুলিতে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। আহতদের মধ্যে একজন পরে মারা গেছেন।

অন্য একজন গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে বলেছেন, খারকিভ এবং এর আশপাশে আবাসিক এলাকায় মস্কো বাহিনীর গোলাবর্ষণে আরও তিনজন নিহত হয়েছেন।

এএফপি জানিয়েছে, ইউক্রেনের লাইমান শহরটি এর লাল ইটের কারণে ‘লাল শহর’ হিসেবে পরিচিত। এ শহরটি ইউক্রেনের একটি পরিত্যক্ত রেলওয়ে হাব। রুশ বাহিনী এ শহর দখলে নেওয়ার চেষ্টা করছে।

সম্প্রতি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘পূর্ব ইউক্রেনের দনবাসে পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে অধিকতর খারাপ হচ্ছে। এ অঞ্চল দখলের জন্য রুশ বাহিনী মরিয়া হয়ে উঠেছে।’