বেলুন বিক্রি করা সেই তরুণীই এখন ইন্টারনেট সেনসেশন!

২০

ভারতের কেরালার অলি-গলিতে ঘুরে বেলুন বিক্রি করা এক সাধারণ তরুণী কিসবু। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি হয়ে গেলেন সুন্দরী মডেল। তিনি এখন ইন্টারনেট সেনসেশন।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, অল্প বয়সে বাবাকে হারান কিসবু। বাবার মৃত্যুর পর বেলুন বিক্রি করে সংসার চালান তার মা কাঞ্চন। একজনের আয়ে সংসারে অভাব দূর হয় না। তাই মাকে সাহায্য করতে কিসবুও বেলুন বিক্রি শুরু করেন। বিভিন্ন পাড়া-মহল্লা ও মেলায় ঘুরে তারা বেলুন বিক্রি করেন।

চলতি বছরের শুরুর দিকে কেরেলার কুন্নুরে একটি মেলায় বেলুন বিক্রি করতে যান কিসবু ও তার মা। সেই মেলাতেই ঘুরে ঘুরে ছবি তুলছিলেন এক ফটোগ্রাফার। তখনই তার ক্যামেরায় ধরা পড়ে কিসবু। তার চাহনিতে সৌন্দর্য খুঁজে পান ফটোগ্রাফার। তারপরই কিসবুর মায়ের কাছে অনুমতি নিয়ে তার একটি ছবি তোলেন। নেটমাধ্যমে সেই ছবি শেয়ার করতেই ব্যাপক ভাইরাল হয়।

অর্জুন কৃষ্ণান নামের সেই ফটোগ্রাফার বলেন, আন্দালুর কাভু উৎসবে কিসবুকে বেলুন বিক্রি করতে দেখি ১৭ জানুয়ারি। এ সময় তার বেশ কয়েকটি ছবি তুলে নিই। ছবি তোলার পর এসব কিসবু ও তার মাকে দেখানো হয়। তারা ছবিগুলো দেখে খুবই খুশি হন। নেটমাধ্যমে তার ছবিটি ভাইরাল হলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তারা ফটোশুটের জন্য রাজি হন। এখান থেকেই কিসবুর জীবনে নতুন মোড় নেয়। বেলুন বিক্রেতা এক কিশোরী রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন।

কিসবুর পাশে দাঁড়ানোর জন্য আর্জি জানিয়ে তার মা কাঞ্চন বলেন, ‘মেয়েকে উচ্চশিক্ষিত করতে চাই। ও (কিসবু) যেন স্বনির্ভর হতে পারে। ভবিষ্যতে ওকে যেন বেলুন বিক্রির জীবন বেছে নিতে না হয়। এটাই আমার প্রার্থনা।’

সূত্র: আনন্দবাজার ও এনডিটিভি