বিএনপি আসলে নির্বাচনকেই ভয় পায়: হাছান মাহমুদ

২৬

বিএনপি আসলে নির্বাচনকেই ভয় পায়। যেহেতু দলটির শীর্ষ দুইজন নেতাই আসামি তাই তারা নির্বাচনে আসতে পারবেন না বলেই নির্বাচন কমিশনকে নিয়ে দলটি ভয় পায়। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, নতুন করে নির্বাচন কমিশন গঠন হলো। কিন্তু বিএনপির কোনো কিছুতেই আস্থা রাখতে পারছে না। তারা নির্বাচনকে ভয় পায়। আসলে তারা নির্বাচন করতে চায় না। তাদের নেত্রী খালেদা জিয়ার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলতে চাই, খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তারেক রহমানও দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের আইন অনুযায়ী তারা নির্বাচন করতে পারবে না। যেহেতু তারা দুজনে নির্বাচন করতে পারবেন না সেজন্য বিএনপি নির্বাচনের কোনো আগ্রহ নাই।

তিনি বলেন, এত দিন আপনারা দেখেছেন, আমিও দেখেছি বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে ড. জাফরুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতেন। বিএনপির উপদেষ্টা হিসেবে সবাই জানতেন জাফরুল্লাহ চৌধুরীকে। তার দেওয়া নামের তালিকা থেকে সিইসি নির্বাচিত হয়েছেন, এতে জাফরুল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এখন বিএনপি জাফরুল্লাহকে অস্বীকার করছে। এখন যেকোনো কারণে মির্জা ফখরুলকে অস্বীকার করতে পারে বিএনপি।

সংবাদ উপস্থাপকদের গণমাধ্যমকর্মী হিসেবে অন্তর্ভূক্তির দাবিতে অনুষ্ঠিত সেমিনারে তিনি বলেন, বহুমাত্রিক সমাজের বিকাশ ব্যতীত রাষ্ট্রের বিকাশ সম্ভব নয়। কে সাংবাদিক বা কে সাংবাদিক না সেটা নির্ধারণ করবে স্ব স্ব প্রতিষ্ঠান।