আগামী নির্বাচনে কঠিন লড়াই হবে : সেতুমন্ত্রী

১৮

গত নির্বাচনের মতো আগামী নির্বাচন সহজ হবে না। এবারের নির্বাচনে কঠিন লড়াই হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবলে চলবে না।

তারা ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করেছেন। তবে আওয়ামী লীগকে পরাজিত করার ক্ষমতা তাদের নেই। এ অবস্থায় আগামী দিনে যারা প্রতিপক্ষের সব ধরনের শক্তি মোকাবেলা করতে পারবে সন্মেলনে তাদেরই নেতৃত্বে আনতে হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। বিএনপি নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডপ্রাপ্ত। তারা একজনও আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দুর্নীতির কারণে তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এস এম কামাল হোসেন প্রমুখ।