ইউক্রেনের পতাকা ওড়ালো ঢাকার ব্রিটিশ হাইকমিশন

২৫

ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করে পতাকা উড়িয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) হাইকমিশন প্রাঙ্গণে এ পতাকা ওড়ানো হয়।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এক টুইটার বার্তায় জানান, ঢাকার ব্রিটিশ হাইকমিশন রোববার বিনা উসকানি ও অবৈধভাবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে ইউক্রেনের পতাকা উড়িয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ১৯৮ বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ১১৫ জন আহত হয়েছেন।

এ ছাড়া রাশিয়ার সাড়ে ৩ হাজার সৈন্য নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনী।