ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন, হবু শাশুড়িকে ফ্ল্যাট!

১৭

প্রেম করলে খরচও হঠাৎ করেই যে বেড়ে যায়, তা বোধহয় প্রেমিক যুগল মাত্রই জানেন। চকলেট ডে, টেডি ডে, রোজ ডে, হাগ ডে, ভ্যালেন্টাইনস ডে’র মতো দিনগুলোতে খালি হাতে তো আর প্রিয়জনের কাছে যাওয়া যায় না! অনেক সময় প্রেমিকার মন রক্ষা করতে গিয়ে পকেট যে ফাঁকা হচ্ছে সেদিকে আর নজর দিতে পারেন না হতভাগা প্রেমিক। তাই, প্রেমিকাকে খুশি করতে ডাকাতি করে আইফোন কিনে দিয়েছেন এক ভারতীয় তরুণ।

সিনেমার গল্প মনে হলেও সম্প্রতি এক ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে এমনই এক প্রেমিকের খোঁজ পেয়েছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি, হাওড়ার বেলিলিয়াস রোডে একটি দোকান থেকে ১ কোটি রুপি ডাকাতি হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে তিন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। সেই তিন ডাকাতের একজন ভিকি মল্লিক। জিজ্ঞাসাবাদে এক আশ্চর্য প্রেমকাহিনী শুনিয়েছেন ভিকি।

অভিযোগ স্বীকার করে ভিকি পুলিশকে জানান, ডাকাতির টাকা দিয়েই প্রেমিকা মহিমা সিংকে আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের একটি মোবাইল ফোন উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, মহিমার মাকেও ফ্ল্যাট কেনার জন্য চার লাখেরও বেশি রুপি পাঠিয়েছেন।

ভিকি জানান, এর আগেও তিনি ডাকাতি করেছেন। ডাকাতির টাকা ভাগ করে নিতেন চক্রের সবাই। তার ভাগের টাকা দিয়ে মহিমাকে উপহার দিতেন তিনি।