শাবি উপাচার্যের বিষয়টি আচার্যকে অবহিত করব: শিক্ষামন্ত্রী

২৪

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়টি আচার্যকে (রাষ্ট্রপতি) অবহিত করব।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট সার্কিট হাউসে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আশা করছি শিগগিরই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক হবে।

এর আগে, বিকেল ৩টায় এই বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। এতে শিক্ষার্থীদের পক্ষে অংশ নেন- মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদীন, আমেনা বেগম, মীর রানা ও জাহেদুল ইসলাম অপূর্ব।

এর আগে, সকালে সিলেট আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকাল ৮টা ৫০ মিনিটে বিমানযোগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাকে স্বাগত জানান।