যুক্তরাষ্ট্রে একটি ভবনে আগুনে ১২ জনের মৃত্যু

১৯

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি বহুতল ভবনে আগুনে ৮ শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার শহরের একটি তিনতলা ভবনে আগুন লাগলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চলতে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এই অগ্নিকাণ্ডকে শহরটির অন্যতম বিপর্যয়কর ঘটনা বলে জানিয়েছেন মেয়র জিম কেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ।

ভবনে চারটি স্মোক ডিটেক্টর থাকলেও একটিও কাজ করছিলনা বলে জানিয়েছে দমকল বাহিনী। ভবনটিতে কতজন অবস্থান করছিলেন তা নিশ্চিত হওয়া না গেলেও আগুন লাগার পর আটজন ভবনটি থেকে নিরাপদে বের হতে পেরেছে বলে নিশ্চিত করা হয়েছে।