আ.লীগ একটি সন্ত্রাসী দল : ফখরুল

২০

আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে তাদের বড় হাতিয়ার। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভিন্নমত দমনে মিথ্যা মামলা দেওয়া।

আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জে বিএনপির মিছিল সমাবেশে হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন প্রমুখ।

ফখরুল বলেন, ‘আমাদের কর্মসূচি ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পণ্ড করার চেষ্টা করেছেন। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে, গুলি চালিয়েছে, যানবাহন আটকে দিয়েছে। তারপরও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধে আমরা অত্যন্ত সফলভাবে কর্মসূচি সম্পন্ন করেছি।’

তিনি বলেন, ‘হবিগঞ্জের ঘটনায় কয়েকজনের চোখ নষ্ট হয়ে গেছে। এখনো কয়েকজন গ্রেপ্তার রয়েছেন। এ ছাড়া দুই হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ফেনী, যশোরে ১৪৪ ধারা উপেক্ষা করে সমাবেশ হয়েছে। ঠাকুরগাঁওয়ে সমাবেশ বন্ধ করে দিয়েছিল। সর্বশেষ সিরাজগঞ্জে যেটা হয়েছে তা পুরোপুরিভাবে সন্ত্রাসী কার্যকলাপ। সেখানে পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে ছয়টি মামলা হয়েছে। গণমাধ্যমে যেসব অস্ত্রধারীদের ছবি প্রচার হয়েছে, সেসব ছাত্রলীগ-যুবলীগের নেতাদের। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে মামলা হয়নি। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রমাণিত হয়েছে যে এ দেশের জনগণ এই সরকারকে চায় না। জনগণ এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চায়। কিন্তু মিডনাইট সরকার এটাকে এড়িয়ে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থার নীল নকশা বাস্তবায়ন করতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, মানুষ জেগে উঠেছে। মানুষ তার গণতান্ত্রিক দাবি আদায় করবে। গণতন্ত্র পুনরুদ্ধার করবে।’

কর্মসূচিতে বিএনপির যেসব নেতাকর্মী আহত হয়েছেন তাদের চিকিৎসা, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব।