বিড়ালের কারণে পুড়ল শতাধিক বাড়ি

৪৮

ঘরে বিড়াল থাকলে ছোটাছুটি করবে-এটাই স্বাভাবিক। তবে সেটা যদি হয় বড় কোনো ক্ষতির কারণ তাহলে তো বিপদ। এমন বিপদেই পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বাসিন্দারা। বিড়ালের কারণে গত তিন বছরে শতাধিক বাড়িতে আগুন লেগেছে। এতে দগ্ধ হয়েছেন একাধিক মানুষ। বিষয়টি জানার পর নড়েচড়ে বসেছে নগর কর্তৃপক্ষ। বাসিন্দাদের মধ্যে যাদের ঘরে পোষা প্রাণী রয়েছে, তাদের সাবধানে থাকার ব্যাপারে সতর্ক করা হয়েছে। খবর সিএনএনের।

সিউলের নগর অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত মোট ১০৭টি বাড়িতে আগুন লাগার কারণ ছিল বিড়াল।

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, বিড়ালগুলো বৈদ্যুতিক চুলার সুইচ অন করে দেওয়ার পর এসব বাড়িতে আগুন লাগে বলে ধারণা করছেন তারা। চুলার যে বাটন রয়েছে, সেসব একটু স্পর্শ করলেই আগুন জ্বলে ওঠে। চুলা বেশি উত্তপ্ত হলে আগুন ছড়িয়ে পড়তে পারে। বিড়াল সেই বাটনের ওপর লাফ দিয়েছে।

সিউলের অগ্নিনির্বাপণ বিভাগের একজন কর্মকর্তা চাং গিও চিউ বলেন, ‘সম্প্রতি বিড়াল সংক্রান্ত আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে। যেসব বাড়িতে পোষা প্রাণী রয়েছে, সেসব বাড়ির মানুষকে নিজেদের পোষা প্রাণী নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। যখন বাড়িতে কেউ থাকবে না, তখন এভাবে আগুন ছড়িয়ে পড়তে পারে।’

নগর অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সিউলে পোষা প্রাণী সংক্রান্ত আগুন লাগার ঘটনা বেড়েছে। এ সমস্যা শুধু দক্ষিণ কোরিয়ায় সীমাবদ্ধ নেই। আমেরিকান হিউম্যান অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় এক হাজার বাড়িতে আগুন লাগার জন্য কোনো না কোনো পোষা প্রাণী দায়ী।