দেশে করোনা শনাক্তের সংখ্যা বাড়ল

২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমনে শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে একই সময়ে মারা গেছে মাত্র একজন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬১ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন আরও ৩৭৩ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৫১টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২২টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৪ লাখ ১০ হাজার ২৯৬টি। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

বিজ্ঞপ্তির তথ্যমতে, করোনায় গেল ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। তবে বাকি বিভাগগুলোতে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন।

এর আগে, গতকাল রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৪ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয় আরও ২৬৮ জনের।

এদিকে, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ কোটি ৩ লাখ ৯১ হাজার ১৮৯ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লাখ ১৮ হাজার ৫৬২ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৫ লাখ ৯ হাজার ৬৩৭ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ। এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেল্টা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।