সরকারবিরোধী বিক্ষোভে পদত্যাগ করছেন ফিলিস্তিনি শ্রমমন্ত্রী

২৮
নাসরি আবু জাইশ, ফিলিস্তিন, Nasri Abu Jaish, Palestine, bd newspaper,

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধে চলমান বিক্ষোভের জেরে শ্রমমন্ত্রী নাসরি আবু জাইশ পদত্যাগ করছেন। বিক্ষোভের জেরে ফাতাহ দলের নেতৃত্বে গঠিত পিএ সরকার থেকে তার প্যালেস্টিনিয়ান পিপলস পার্টির সমর্থন প্রত্যাহার করায় সোমবার তিনি পদত্যাগ করছেন বলে দলীয় এক সূত্র জানায়।

প্যালেস্টিনিয়ান পিপলস পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য ইসাম আবু বকর ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, আইন ও জনগণের স্বাধীনতার বিষয়ে পিএ সরকারের যথাযথ শ্রদ্ধার ঘাটতির কারণে তাদের দল সরকার থেকে সমর্থন প্রত্যাহার করছে।

এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনীর হেফাজতে এক ফিলিস্তিনি অ্যাকটিভিস্টের মৃত্যুর পর পুরো পশ্চিম তীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

নিজার বানাত নামের এই অ্যাকটিভিস্টকে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় পশ্চিম তীরের হেবরন জেলার দুরা শহরের নিজ বাড়ি থেকে আটক করে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী। আটকের অল্প কিছু সময় পরই তাকে মৃত ঘোষণা করা হয়।

লাশের ময়নাতদন্ত করা ডাক্তারের বরাত দিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ে জানানো হয়, বানাতের শরীরে বিভিন্ন আঘাত ও ফ্রাকচার ছিল। এ থেকে তাকে প্রচণ্ড মারধরের বিষয়টি প্রমাণিত হয়।

বানাত একজন সুপরিচিত ফিলিস্তিনি অ্যাকটিভিস্ট যিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিবিধ অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে আসছিলেন। সমালোচনার কারণে এর আগেও কয়েক বার ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছিলেন তিনি। স্থগিত হওয়া ২২ মের নির্ধারিত ফিলিস্তিনি আইন পরিষদ প্যালেস্টিনিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের নির্বাচনে তিনি একজন প্রার্থী ছিলেন।

তার মৃত্যুর পর থেকে পুরো পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা।

সূত্র : মিডল ইস্ট আই