আর্জেন্টিনার দুর্দান্ত জয় মেসির দুরন্ত হ্যাটট্রিক

২৪

ক্রীড়া ডেস্কঃ গতকাল নিজ মাঠ বুয়েন্স আয়ার্সে ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনার গোলের খাতা খোলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো প্রতিপক্ষের ডিফেন্ডার বাজে ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচে আজ হাইতির মুখোমুখি হয় আর্জেন্টিনা। দলের অধিনায়ক লিওনেল মেসি সেটা বেশ ভালোভাবেই কাজে লাগালেন। তার দারুণ এক হ্যাটট্রিকের সুবাদে হাইতিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। মেসির হ্যাটট্রিকের দিনে আর্জেন্টিনার অন্য গোলটি করেন সার্জিও আগুয়েরো।

বিরতির পর ফিরে নয় মিনিটের মধ্যে আরো দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ৫৮তম মিনিটে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এর ৮ মিনিট পর ক্রিস্টিয়ান পাভোনের ক্রসে গোলে করে তুলে নেন আর্জেন্টিনার জার্সিতে নিজের ষষ্ঠ হ্যাটট্রিক। এ নিয়ে জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচে ৬৪ গোল করলেন মেসি। এর তিন মিনিট পর মেসির পাস থেকে দলের পক্ষে শেষ গোলটি করেন সদ্য চোট কাটিয়ে মাঠে ফেরা সার্জিও আগুয়েরো।

গত বিশ্বকাপে বর্তমান রানার্সআপদের এবারের আসরে গ্রুপ পর্বের সঙ্গী আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

আন্তর্জাতিক এ প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে হাভিয়ের জানেত্তির সর্বোচ্চ ১৪৩ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন ডিফেন্ডার হাভিয়ের মাশ্চেরানো। ম্যাচের আগে তাকে ১৪৩ লেখা বিশেষ জার্সিতে সম্মাননাও জানানো হয়। আগামী সপ্তাহে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।