বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুর কারাদণ্ড..

১১৭

প্রিয় আলো: পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ভারতের বিহার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে রাঁচীর বিশেষ সিবিআই আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

কারাগার থেকে আদালতে আনলে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে আশঙ্কায় শনিবার লালুকে সেখানে হাজির করানো হয়নি। আদালত থেকেই  ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সাজা ঘোষণা করেন বিচারপতি শিবপাল সিংহ।

শনিবার সকাল থেকেই লালুর সাজা নিয়ে টানটান উত্তেজনা ছিল। সেই সঙ্গে আরজেডির কর্মী-সমর্থক থেকে শুরু করে নানা মহলে জোর জল্পনা চলছিল লালুর সাজা কি তিন বছরের কম হবে, নাকি তার বেশি। যদিও শুক্রবার লালুর আইনজীবী চিত্তরঞ্জন সিন্‌হা আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন লালুর শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়। তিনি ডায়াবেটিকসে আক্রান্ত, হৃদযন্ত্রের অস্ত্রোপচারও হয়েছে। এই অবস্থায় তার শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে সাজা যেন কম করা হয়।

রায় ঘোষণার কিছুক্ষণ আগে লালুর ছেলে তেজস্বি যাদব বিচার বিভাগের ওপর তার আস্থা প্রকাশ করে বলেছেন, ‘ বিচারবিভাগ তার দায়িত্ব পালন করেছে। সাজা বিবেচনার জন্য আমরা হাইকোর্টে আপিল করব এবং তার জামিন আবেদন করব।