উত্তরায় আগুনে নিহত ২

৪০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় আগুনে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার আতিউর রহমান।

তিনি জানান, সেখানে থেকে একজন পুরুষ ও একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কারো নাম পরিচয় জানা যায়নি।

আগুন লাগার চার ঘণ্টা পর সকাল ৯টার দিকে তিনটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফয়ার সার্ভিসের কর্মীরা। আগুনে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে আগুনের কারণ এখনো নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা। সোমবার ভোরে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের জানান, ‘একুশে রেস্তোরাঁ, পাশের সি সেল রেস্তোরাঁ ও পার্টি সেন্টার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সি সেলের নিচতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে আগুন লেগেছে তার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।’

আগুনে সি সেল চাইনিজ রেস্টুরেন্ট ও এর পাশে ২টি ভবন আগুনে পুড়ে গেছে। ছয়তলা একটি ভবনে একুশে রেস্তোরাঁ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উত্তরা শাখা, ডেলটা লাইফ ইনস্যুরেন্সসহ আরো বেশ কিছু বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পুড়ে গেছে।

এর আগে আগে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে জানানো হয়, সোমবার ভোর ৫টার দিকে আগুন লাগে। সকাল ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।