রফিক সিকদারের ‘হৃদয় জুড়ে’ ছবির মহরতে ছাত্রলীগ সভাপতি

৫১

বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নিরব ও কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা রফিক সিকদার। ‘হৃদয় জুড়ে’ নামের এই চলচ্চিত্রের মহরতে দেখা গেল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগকে।

শনিবার সন্ধ্যায় বিএফডিসি ঝর্ণা স্পটে মহরত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এছাড়াও মহরতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, হেরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোয়ায়েব হোসেন, চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু ও  চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশি অভিনেতা ও মডেল নিরব।

এছাড়াও ছবিটিতে অভিনয় করবেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা ও কলকাতার রজতাভ দত্ত। ‘হৃদয় জুড়ে’ ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন।

এর আগে তরুণ নির্মাতা রফিক সিকদারের নির্মিত ‘ভোলা তো যায় না তারে’ সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিলো দর্শক অনুরাগীদের মধ্যে। এই সিনেমাটির গল্প ও চরিত্রগুলোও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিবে বলে প্রত্যাশা এ নির্মাতা।