বাজিতে হেরে ভক্তের সঙ্গে ডেটিং!

২৪

ছবিঃ ইউজেনি বুচার্ড

ক্রীড়া ডেস্ক : এখন থেকে টুইটারে বাজি লড়তে বোধহয় দুবার ভাববেন ইউজেনি বুচার্ড। বাজি ধরলেও অন্তত রাগবি সুপারস্টার টম ব্র্যাডিকে নিয়ে কখনোই নয়। টুইটারে বাজিতে হেরেই যে এখন এক অচেনা ভক্তের সঙ্গে ডেটিংয়ে যেতে হচ্ছে কানাডিয়ান টেনিস সুন্দরীকে!

হিউস্টনে পরশু এনএফএল ফাইনালে আটলান্টা ফ্যালকনের কাছে হার একরকম নিশ্চিত ছিল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের। টম ব্র্যাডির নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস তখন ২৮-৩ ব্যবধানে পিছিয়ে। আটলান্টার জয় নিশ্চিত ভেবে সে সময়ই টুইট করলেন বুচার্ড, ‘আমি জানি, আটলান্টাই জিতবে।’ সে সময়ই বুচার্ডকে চ্যালেঞ্জ করে পাল্টা টুইট করেন এক রাগবি ভক্ত, ‘যদি প্যাট্রিয়টস জেতে আমরা কি ডেটে যাব?’ সঙ্গে সঙ্গে বুচার্ডের টুইট, ’নিশ্চয়!’

আটলান্টার জয় নিশ্চিত ভেবেই ভক্তের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন বুচার্ড। কিন্তু এরপর যা ঘটল, সেটা হয়তো বুচার্ড কল্পনাও করেননি! ২৫ পয়েন্ট পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়াল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষমেশ ৩৪-২৮ পয়েন্টে সুপারবোল শিরোপা জিতে নিল তারা।

টুইটারে বাজিতে হেরে গেলেও যা কথা দিয়েছিলেন তা-ই করতে চান বুচার্ড। অচেনা সেই ভক্তের সঙ্গেই ডেটিংয়ে যেতে রাজি ২২ বছর বয়সি প্রাক্তন উইম্বলডন ফাইনালিস্ট। টুইটে ভক্তকে জিজ্ঞাসা করলেন, তিনি কোথায় থাকেন এবং কোথায় দেখা করতে চান। ২০ বছর বয়সি ভক্তের উত্তরটা বেশ মজার ছিল, ‘আমি শিকাগোতে থাকি, স্কুলে পড়ি। আপনি যেখানেই বলবেন সেখানেই আমি হাজির হয়ে যাব!’

বাজিতে হেরে বুচার্ডের টুইট, ‘খুব শিক্ষা হলো! আর কখনো টম ব্র্যাডির বিপক্ষে বাজি ধরব না।’

তথ্যসূত্র : মেইল অনলাইন।